নেত্রকোনায় কিশোর গ্যাং ঠেকাতে সড়ক অবরোধ
নেত্রকোনায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তারা পারলা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করে সড়ক অবরোধ করে স্থানীয়রা।
এসময় বক্তব্য দেন রুবেল মিয়া সবুজ মিয়া, আইয়ুব আলী, দিলোয়ারা আক্তার, সুমনা আক্তার স্কুল শিক্ষার্থী সোমা আক্তারসহ এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, স্থানীয় রডসিমেন্ট ব্যবসায়ী রুবেল মিয়ার দোকান থেকে মাহিদ আহমেদ আনসারীকে বাকি না দেওয়ায় বুধবারে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাহিদ আহমেদ আনসারীর নেতৃত্বে বাড়িঘরে হামলা চালিয়ে নারীসহ অন্তত ১২ জনকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত সামাদ আহমেদ তপু, জাহেদুল হাসান, সবুজ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করলে আবারও ভুক্তভোগীদের ওপর হামলা করে অভিযুক্তরা। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
পরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার গিয়ে আনসারীসহ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।
ওসি আল মামুন সরকার বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এইচ এম কামাল/এনএইচআর/এএসএম