ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামির আত্মহত্যার চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় থানা হাজতে রিমান্ডে থাকা আনোয়ার হোসেন ওরফে আনার (২২) নামে এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন।
শনিবার (৯ মে) বিকেলে সদর মডেল থানার হাজতে এ ঘটনা ঘটে। আনার জেলার নাসিরনগর উপজেলার সোনাতলার আবুল হোসেনের ছেলে।
বিকেলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার হাতে ও গলায় একাধিক সেলাই দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, দুপুরে এক ছিনতাই মামলার রিমান্ডের আসামিকে জেলখানা থেকে থানায় নিয়ে আসা হয়। থানায় এনে তাকে হাজতে রাখা হয়৷ হাজতের ভেতরের টয়লেটে যায় সেই আসামি, এর কিছুক্ষণ পর অন্যান্য আসামিরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ওই আসামি মাদকাসক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ রয়েছে। সে কী দিয়ে তার শরীরে আঘাত করেছে তা সিসি ক্যামেরা ফুটেজ দেখে বলা যাবে। তাকে চিকিৎসা শেষে পুনরায় জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হলে আবারও তাকে রিমান্ডে নিয়ে আসা হবে।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/এমএস