আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ১৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে টেকনাফ জেটিঘাটে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে আসে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় ১৩ জন স্থানীয় এবং একজন রোহিঙ্গা জেলেকে আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে কক্সবাজার রিজিয়নের বিজিবি’র উদ্যোগ ও দীর্ঘ মধ্যস্থতায় আজ নাফ নদীর শূন্যরেখায় তাদের বিজিবির প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে দেশে ফিরে আসা জেলেদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলছে এবং দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই সফল উদ্যোগের ফলে নিখোঁজ জেলেদের পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া বলেন, মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিনায়ক জানায়।
জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস