অটোরিকশা সাইট দেওয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১১ মে ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা সাইট দেওয়া নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা সাইট দেওয়া নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খার বাগবিতণ্ডা হয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।

সোমবার এ নিয়ে বরুনা এলাকায় সালিশ বসে। সালিশিতে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন উভয় পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এসময় প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

হামলাকারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকেন। এতে করে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্কে সৃষ্টি হয়। লোকজন ছোটাছুটি করতে শুরু করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‌‘বিল্লাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপরে হামলা চালিয়েছে। তারা আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে। ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষ বিল্লাল হোসেন খাঁ। তিনি বলেন, সালিশ চলাকালীন আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে রফিকুল ইসলামের লোকজন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।