অনুমোদনহীন খাদ্য কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘আবদুল্লাহ অ্যাগ্রো ফুড প্রডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিএসটিআই-এর অনুমোদন না থাকায় অনুষ্ঠানটিকে সিলগালা করা হয়।
রোববার (১০ মে) দিনগত রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় র্যাব-১ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর কোনো প্রকার লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানকালে কারখানার ভেতরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে কারখানাটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কারখানা থেকে বিপুল পরিমাণ নিম্নমানের খাদ্যসামগ্রী ও উপকরণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩-এর মেজর রবিউল আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আব্দুর রহমান আরমান/কেএইচকে/এমএস