কক্সবাজার বিএনপি নেতা

আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী, কথা না শুনলে গাট্টি বাঁধতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১২ মে ২০২৬
বক্তব্য রাখছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক

কক্সবাজারের চকরিয়ার ইউএনও এবং ওসিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।

রোববার (১০ মে) দলীয় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বক্তব্যে তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে উদ্দেশে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক তার বক্তব্যে বলেন, ‘চকরিয়া থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমদ)। আমাদেরটা কয়লামন্ত্রী না, পানিমন্ত্রী না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ করে তিনি বলেন, ‘ওই ওসি, তুই যদি আর হতা ন ফুনুচ, রাতিয়া গাট্টি গোল গরা পরিবো।’ (ওসি, তুই যদি আমার কথা না শুনিস, কাপড়চোপড় বেঁধে রাখতে হবে)।

তিনি আরও বলেন, ‘একইভাবে ইউএনও অফিসের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শোনে, তাহলে রাতে গাট্টি (কাপড়চোপড়) বেঁধে রাখার ব্যবস্থা করো।’

এনামুল হক বলেন, ‘আরও বড় বড় কর্মকর্তা যারা আছে, অফিসার-পিয়ন (কর্মকর্তা) আছে, আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি। ১৫ দিন সময় দেবেন। এর ভেতর যদি না করিস, মসজিদ থেকে খাটিয়া আনবো, তোকে ওখানে শুয়াবো। তারপর হয় আমিরাবাদ, না হয় কক্সবাজার পাঠিয়ে দেবো। তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়।’

এসময় অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য সবাইকে নিষেধ করেন বিএনপির এ নেতা। তবে, বৈধভাবে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রোববার রাতে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত আজিজনগর চেয়ারম্যান লেকে পিকনিক প্রোগ্রামে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নুরুল আমিন কাউন্সিলর, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আবুল হাসেমসহ চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা।

জানতে চাইলে বক্তব্যের কথা স্বীকার করেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। তিনি বলেন, ‘আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা। জনগণই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তাই কোনো বৈধ কাজ যদি তারা করে না দেন, তাহলে ইউএনও-ওসির এমন পরিণতির কথা বলেছি।’

এর আগে জাতীয় নির্বাচনের আগে এক বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেছিলেন, ‘কিছুদিনের জন্য আমাদের লোভ সামলাতে হবে। আমরা কিছুদিন দখলবাজি, চাঁদাবাজি, বালুমহাল দখল করবো না।’

সায়ীদ আলমগীর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।