চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৩ মে ২০২৬

শেরপুরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রধান নদীগুলোর পানি বাড়ছে। বিশেষ করে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৩ মে) বিকেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই তথ্য নিশ্চিত করে।

পাউবো শেরপুরের বিভাগীয় প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর জানান, চেল্লাখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে মহারশি, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে উৎকণ্ঠা

তিনি বলেন, উজান থেকে ঢল নামা এবং ভারী বৃষ্টিপাত বন্ধ হলে দ্রুতই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভয়েজ অব ঝিনাইগাতীর সভাপতি জাহিদুল হক মনির বলেন, আমাদের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি ভোর রাত থেকে বাড়ছে। বাঁধের কাজ এখনো শেষ হয়নি। দ্রুত পানি নেমে না গেলে এবং টানা বর্ষণ না থামলে আমাদের এ অঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। আমরা এখানে স্থায়ী বেড়িবাঁধ চাই।

এদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন জানান, ঝিনাইগাতীতে ৫২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আর ওই এলাকার নিম্নাঞ্চলের প্রায় ৮০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।