হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবি, শ্রমিক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৩ মে ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইমান মিয়া একই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাকারিয়া নামের এক ব্যক্তির বোরোধান কাটতে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে হাওরে যান ইমান মিয়া। দুপুরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে চার শ্রমিক নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বৈরী আবহাওয়ার মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া নিখোঁজ হন।

হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবি, শ্রমিক নিখোঁজ

আদমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন নিখোঁজ শ্রমিককে উদ্ধারে হাওরে অভিযান চালাচ্ছেন। তবে এই পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইমান মিয়া দরিদ্র পরিবারের সন্তান। তিনি ও তার বাবা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, হাওরে শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্গম হাওর এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।

এসকে রাসেল/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।