৫ দিন ধরে সাকিব নিখোঁজ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ জুলাই ২০১৬

গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার পাঁচ দিন পরও মাদরাসা শিক্ষার্থী নাজমুস সাকিবের (২২) সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

নাজমুস সাকিব ঝিনাইদহের কালীগঞ্জ থানার সাইকবাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি যশোর কোতয়ালী থানার বারান্দিপাড়ায় ভগ্নিপতি মাহবুব হাসানের বাড়িতে থেকে আমিনিয়া আলিয়া কামিল মাদরাসায় ফাজিল (স্নাতক) শ্রেণিতে পড়েন। গত ১০ জুলাই তিনি টঙ্গীর আউচপাড়ায় বড় বোনের বাসায় বেড়াতে আসেন।

সাকিবের বড় বোন শামীমা আক্তার জানান, গত ১০ জুলাই সাকিব তার বাসায় বেড়াতে আসেন। গত ১৪ জুলাই ভোর সাড়ে ৪টায় ফজরের নামাজ আদায় করতে বাসার পাশের মসজিদে যান। এরপর আর ফিরে আসেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শামীমা আরো জানান, সাকিব বাসা থেকে বের হওয়ার আগে ওই এলাকায় সাদা পোশাকের ডিবি পুলিশ ঘুরাঘুরি করছিল। মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়। এরপর ওই গাড়িটি স্থানীয় এশিয়া পেট্রল পাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর ঢাকার দিকে চলে আসে।  

এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গাজীপুর ও ঢাকার বিভিন্ন ইউনিট ও দফতরে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কেউ সাকিবকে আটকের দায় দায়িত্ব স্বীকার করেনি। এ ব্যাপারে শামীমা গত ১৫ জুলাই টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ৬৩৭।
                    
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।