কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৪ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলায় গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক নিহতের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ঘাতক ট্রাকচালককে শনাক্ত হয়নি। তবে ট্রাক এবং ভিকটিমের মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো.আকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।