গার্মেন্টসের স্টোর রুমে ঝুলছিল এজিএমের মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অ্যাসরোটেক্স গ্রুপের একটি পোশাক কারখানার ভেতরে ঝুলন্ত অবস্থায় ইদ্রিস আলী (৪৩) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে এনায়েতনগরের বারৈভোগ এলাকার ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানার স্টোররুমে তার মরদেহ পাওয়া যায়।
ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার গোয়ালদীর আবুল কাশেমের ছেলে ও কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত ছিলেন।
কারখানাটির সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেন জানান, বেলা ১১টার দিকে ইদ্রিসের মরদেহ দেখতে পান কারখানার একজন শ্রমিক। পরে পুলিশে খবর দেওয়া হয়।
তিনি বলেন, ‘সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টায় ছুটির পর গাড়িতে এজিএম ইদ্রিস আলীর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তার সহকর্মীরা থাকে ফোন দিয়েও পাচ্ছিলো না। পরে তাকে ছাড়াই গাড়ি ছেড়ে যায়। এরপর মঙ্গলবার তার মরদেহ পাওয়া যায়।’
নিহতের স্ত্রী হাফিজা আক্তার বলেন, ‘সাধারণত বিকেলে ছুটির পর সন্ধ্যায় তিনি কারখানার গাড়িতেই বাড়ি ফেরেন। সোমবার না ফেরায় তার মোবাইলে কল দিলে কেউ রিসিভ করেননি। পরে বিষয়টি কারখানার কর্মকর্তাদের জানালে তাদের পক্ষ থেকে বলা হয়, ‘‘ইদ্রিস কারখানাতে নেই।’’
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে রাতেই জানিয়েছিলাম। সকালে শুনি স্টোররুমে মরদেহ পাওয়া গেছে। উনি নামাজ-কালাম পড়তেন, ভালো মেজাজের মানুষ ছিলেন। তিনি আত্মহত্যা করবেন এমন কোনো কারণ নেই। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেব।’
এদিকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাতে কারখানাটির সামনে গেলে নিহতের সহকর্মী ও শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তাদের নিবৃত করা হয়। সেই সঙ্গে এই ঘটনায় আইনি কার্যক্রম চলছে।’
মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম