হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, ২১ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৪ মে ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি দিনমজুর হিসেবে অন্যের জমিতে ধান কাটার কাজ করে পরিবার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে বুধবার সকালে চারজন শ্রমিক নূরপুর হাওরে ধান কাটতে যান। তারা স্থানীয় কৃষক জাকারিয়ার জমিতে কাজ করছিলেন। সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে যায়। শুরু হয় দমকা হাওয়া, ঝড় ও ভারি বৃষ্টি। এতে শ্রমিকরা কাজ বন্ধ করে নৌকায় বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে হাওরের উত্তাল ঢেউ ও প্রবল বাতাসের তোড়ে তাদের বহনকারী ছোট নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া স্রোতে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরিসহ চার সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নূরপুর হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। সংসারের হাল ধরতে অল্প বয়স থেকেই তিনি কৃষিশ্রমিকের কাজ করতেন। তার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল। হঠাৎ তার মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোক ও অনিশ্চয়তা।

আদমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা বলেন, ঝড়-বৃষ্টির মধ্যে শ্রমিকরা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে প্রবল বাতাসে নৌকাটি ডুবে যায়। অন্যরা বাঁচতে পারলেও ইমান মিয়া নিখোঁজ হন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, কিশোরগঞ্জ থেকে দুইজন ডুবুরিসহ চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করে।

এসকে রাসেল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।