ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত র্যাব-৯ এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন- খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম প্রকাশ নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এসময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে। এসময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এই ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এসময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির। এসময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এমএস