দেশে গরু-ছাগলের কোনো সংকট নেই: প্রাণিসম্পদ মন্ত্রী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, বর্তমানে কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু প্রস্তুত রাখা হয়েছে। কোরবানি ঈদের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবিসহ সীমান্ত এলাকার জনগণকে সতর্ক করা হয়েছে।
চামড়ার দাম প্রসঙ্গে মন্ত্রী জানান, চামড়ার বাজার নিয়ে বুধবার বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যদিও চামড়ার দামের হ্রাস-বৃদ্ধি মূলত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। তবে সরকার চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস