বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১২ মে ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আমির হোসেন সবুজের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমির হোসেন সবুজ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি এবার শাহজাদপুর পৌরসভার মেয়র প্রার্থী।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওর নিচে নানা মন্তব্য করছেন বিভিন্ন লোকজন। অনেকেই তার গ্রেফতার, বরখাস্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, একটি ঘরের চৌকিতে লাল চাদর বিছানো। তার ওপর বসা দুজন ব্যক্তি। অন্য একজনের চেহারা স্পষ্ট নয়। আমির হোসেন সবুজ তার বাঁ হাতে সিগারেট ও ডান হাতে একটি পাইপ-সদৃশ বস্তু দিয়ে ইয়াবা সেবন করছেন। তার ইয়াবা সেবনে সহযোগিতা করছেন পাশে বসা অজ্ঞাত ওই ব্যক্তি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, ভিডিওটি আমিও দেখেছি। তবে এটা আদৌ সত্য কিনা, সঠিক জানি না। যদি সত্যিই হয়, তাহলে অবশ্যই এটি দলের ভাবমূর্তি নষ্ট করেছে।

তিনি আরও বলেন, আমির হোসেন সবুজ আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। যদিও প্রার্থী হওয়ার ঘোষণা আরও অনেকেই দিয়েছেন। এসব কারণে হয়তো কেউ তার ওই ভিডিওটি ভাইরাল করেছে।

তবে মাদক সেবনের বিষয়টি আমির হোসেন সবুজ জাগো নিউজকে বলেন, দীর্ঘ ২৩ বছর কারাভোগ করে গত ৫ বছর আগে মুক্ত হয়েছি। আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছি। আর এটা নিয়েই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা নানাভাবে ষড়যন্ত্র করছেন। মূলত তারাই ওই ভিডিওটি সুপার এডিট করে ছড়িয়ে দিয়েছে।

এম এ মালেক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।