রোহিঙ্গা ক্যাম্প থেকে ‌‘জঙ্গিগোষ্ঠীর অর্থদাতা’ তোহা আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৫ মে ২০২৬
আটক মোহাম্মদ তোহা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সৌদি রিয়াল, ইউএস ডলার ও মালয়েশিয়ান রিংগিতসহ তোহা নামের একজনকে আটক করা হয়েছে। তিনি সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীর অর্থদাতা বলে জানিয়েছে এপিবিএন পুলিশ।

আটক তোহা উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা আহমদ হোসেনের ছেলে। তবে তিনি বাংলাদেশি এনআইডি কার্ড তৈরি করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার ভোটার হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার সময় লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সি-লাইন বাসে ওঠার সময় তাকে আটক করা হয়। আটকের পর তাকে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নিয়ে গিয়ে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এসময় তার শেল্টার থেকে নগদ বাংলাদেশি টাকা, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিংগিত ও আমেরিকান ডলারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা, তিন হাজার ২৫০ সৌদি রিয়াল, তিন হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত, ৬০০ মার্কিন ডলার, চট্টগ্রাম সিটি করপোরেশনের জাতীয় সনদপত্র, জন্মসনদ, ব্যাংকের চেক বইয়ের পাতা, মোবাইলফোন এবং অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি।

এপিবিএন পুলিশ আরও জানায়, আটক তোহা ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন।

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।