মাগুরার হাটে নজর কাড়বে ৩০ মণের ‘লালু’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৬ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাগুরা সদরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে প্রায় ৩০ মণ ওজনের এক বিশাল ষাঁড়। লাল রঙের শান্ত স্বভাবের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘লালু’।

কোরবানির হাট লক্ষ্য করে প্রস্তুত করা এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই খামারি আশিক বিশ্বাসের বাড়িতে ভিড় করছেন দূর-দূরান্তের কৌতূহলী মানুষ।

শনিবার (১৬ মে) সকালে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের একটি টিনশেডের গোয়ালঘরে তিনটি বড় ষাঁড় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে ‘লালু’ নামের পাকিস্তানি সাহিওয়াল ও ফ্রিজিয়ান সংকর জাতের বিশাল আকৃতির ষাঁড়টি। প্রায় ১৪ দশমিক ৫ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার এই গরুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে।

খামারের মালিক ছালেক বিশ্বাস জানান, ছোট পরিসরে পারিবারিকভাবে গবাদিপশু পালন শুরু করলেও ভবিষ্যতে বড় খামার করার পরিকল্পনা রয়েছে তাদের। তার ছেলে আশিক বিশ্বাসের আগ্রহ ও কঠোর পরিশ্রমেই মূলত গরুগুলো গড়ে উঠেছে।

মাগুরার হাটে নজর কাড়বে ৩০ মণের ‘লালু

খামারি আশিক বিশ্বাস বলেন, শখ করেই গরুটির নাম রেখেছি ‘লালু’। প্রায় তিন বছর ধরে সন্তানের মতো করে লালন-পালন করছি। লেখাপড়ার পাশাপাশি আমার স্বপ্ন ছিল একটি গরুর খামার গড়ে তোলার। ধীরে ধীরে সঞ্চয় করে বর্তমানে তিনটি গরু পালন করছি। লালুর ওজন ৩০ মণ হবে বলে ধারণা করছি। বাকি দুটি গরুর সম্মিলিত ওজনও প্রায় ৫৬ মণ।

তিনি আরও বলেন, গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। কাঁচা ঘাস, খড়, ভুসি ও দেশীয় দানাদার খাবারই এদের প্রধান খাদ্য। কোনো ধরনের ক্ষতিকর ফিড বা কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি।

আশিক বিশ্বাসের বড় ভাই রিয়াজ বিশ্বাস বলেন, আমরা নিজেরা খাটুনি দিয়ে গরুগুলোর দেখাশোনা করি। লালুকে নিয়েই মানুষের আগ্রহ বেশি। বাজার পরিস্থিতি ভালো থাকলে এবং বাইরে থেকে অতিরিক্ত গরু না এলে ন্যায্যমূল্য পাব বলে আশা করছি।

স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকৃতির গরু এই এলাকায় সচরাচর দেখা যায় না। তাই ঈদ সামনে রেখে ‘লালু’ এখন এলাকাবাসীর আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।