মুন্সিগঞ্জে ‘অস্বাভাবিক’ পৌরকর বৃদ্ধির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
মুন্সিগঞ্জ পৌরসভায় নতুন করে ধার্য করা কর বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত এবং কর পুনঃনির্ধারণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু’র আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌরসভার উন্নয়নের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকলেও হঠাৎ করে অস্বাভাবিকভাবে কর বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে। অবিলম্বে এই বর্ধিত কর স্থগিত করে তা সহনীয় পর্যায়ে পুনঃনির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তারা কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে শহরের ড্রেনেজ ব্যবস্থা, জরাজীর্ণ সড়ক সংস্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের বেহাল দশা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শীঘ্রই দাবি আদায় না হলে স্থানীয় নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাগরিক বন্ধুর আহ্বায়ক মু. মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম, জুলাই যোদ্ধা রায়হান রাব্বি প্রমুখ।
শুভ ঘোষ/কেএইচকে/এএসএম