হিলি কাস্টমসে আজ নিলামে উঠছে ৭৬ যানবাহন
দীর্ঘ বিরতির পর দিনাজপুরের হিলি কাস্টমস কর্তৃপক্ষ আবারও সাধারণ নিলামের আয়োজন করেছে। এ নিলামের মাধ্যমে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে বলে জানা গেছে।
রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হিলি কাস্টমস চত্বরে চলবে উন্মুক্ত এ নিলাম। কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার নিলামে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজি বাইক ও একটি প্যাডেল ভ্যান বিক্রির জন্য তোলা হবে। নিলামে অংশ নিতে নির্ধারিত সিডিউলের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে। এতে নিলামকে ঘিরে ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে।
কাস্টমস সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর পুনরায় এ আয়োজন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রায় সোয়া তিন বছর পর রোববার সকাল থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে কয়েক প্রকারের জিনিস বিক্রয় করা হবে। এটি চলমান প্রক্রিয়া। তবে মানুষের মাঝে বিষয়টি নিয়ে আগ্রহ আছে।
মো. মাহাবুর রহমান/কেএইচকে/জেআইএম