ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মনা, সম্পাদক রিপন
ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় মানছুরুল হক মনা সভাপতি এবং রিপন কুমার সূত্রধর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ( ১৪ মে) জেলা শহরের কাউতুলীতে সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ কবীর ফারুক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
এর আগে, ২০২৪-২৬ মেয়াদে একই পদে দায়িত্ব পালন করেছিলেন তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধর প্যানেলে ৯ জন এবং মো. মোস্তাকিন মিয়া-শামসুল আরেফিন মুবিন প্যানেলে ৬ জন প্রার্থী ছিলেন।
নির্বাচন কমিশনার ইউসুফ কবীর ফারুক জানান, মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তাকিম মিয়া পেয়েছেন ১৭। রিপন কুমার সূত্রধর ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আরেফিন মুবিন পেয়েছেন ২৬ ভোট।
এছাড়াও মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে মো. মনজুরুল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক, সপু চন্দ্র দাস কোষাধ্যক্ষ, সদস্য পদে বাহাউদ্দিন মাহমুদ পলাশ, মো. আরিফুল ইসলাম ও সমর সিংহ নির্বাচিত হন। কোনো প্রার্থী না থাকায় এই প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মহিতোষ রায় এবং সহ-সভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম