সিলেটের একটি বাড়ি থেকে ভারত ফেরত ১৩ জন আটক
সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বাড়ি থেকে ভারত ফেরত ১৩ জনসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এসময় মানবপাচারের অভিযোগে স্থানীয় এক দালালকেও আটক করা হয়।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে ওই বাড়িতে অবস্থান করছিলেন।
এসময় জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মো. হানিফ মিয়াকে (৩৫) আটক করা হয়। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজপাট ইউনিয়নের উজানী নগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি হতে স্থানীয় লোকজন ১৪ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।
ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ভারত ফেরত ১৩ জন নারী পুরুষকে একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, আটকদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে জৈন্তাপুরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। যার মাধ্যমে দেশে ফিরেছেন সেই দালালকেও আটক করা হয়েছে।
আহমেদ জামিল/এমএন/এমএস