সৌদি আরবে সড়কে প্রাণ গেলো বাংলাদেশি দুই বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ মে ২০২৬
নিহত দুই বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা কুমিল্লার বাসিন্দা এবং সম্পর্কে দুই বন্ধু।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কে আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের খলিলুর রহমান সওদাগরের ছেলে নুরে আলম (৪২) এবং জেলার চৌদ্দগ্রাম উপজেলা পৌর এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া (৪৩)। তারা সৌদি আরবের রিয়াদে একসঙ্গে ব্যবসা করতেন।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদের উদ্দেশে রওয়ানা দেন তারা। একপর্যায়ে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুজনের মৃত্যু হয়।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেননি। পরিবার আবেদন করলে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।