নারায়ণগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৮ মে ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।