১৭ দিন বন্ধের পর সোনামসজিদ দিয়ে পাথর আমদানি শুরু
দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় ভারত থেকে পাথর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হয়। ১টা পর্যন্ত ২০টি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ পানামা পোর্টে প্রবেশ করে।
এর আগে স্থলবন্দরে এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে টানা ১৭ দিন ধরে পাথর আমদানি বন্ধ ছিল। গত ১৯ মে উভয় দেশের আমদানি ও রফতানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠক হয়। বৈঠক শেষে পাথরের টন প্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, বিগত দিনে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলার এলসিতে আমদানি করা হত। তবে হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ এলসি ভ্যালু দুই ডলার বাড়িয়ে ১৫ নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ১৭ দিন পর স্থলবন্দরে পাথরবাহী ট্রাক প্রবেশ করেছে। দুপুর ১টা পর্যন্ত ২০টি ট্রাক পানামা পোর্টে এসেছে।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম