নুহাশ পল্লীতে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৯ জুলাই ২০১৬

জনপ্রিয় লেখক ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী গাজীপুরের নুহাশ পল্লীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিদকে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। পরে তিনি সন্তানদের নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন।

এছাড়া নুহাশ পল্লীর নিয়মিত কর্মী ও হুমায়ুন ভক্তরা তাদের সঙ্গে দোয়ায় অংশ নেন। হুমায়ুনের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

Humaion

কবর জিয়ারত শেষে শাওন সাংবাদিকদের বলেন, মৃত্যুবার্ষিকী পারিবারিক বিষয়। আজ শুধু কবর জিয়ারত করতে তিনি এসেছেন, এছাড়া আজ কোনো কর্মসূচি নেই।

শাওন বলেন, হুমায়ূন আহমেদের নিজস্ব স্বপ্নের চেয়ে সামগ্রিক বাংলাদেশের স্বপ্নটা ছিল অনেক বড়। এই মুহূর্তে তার স্বপ্ন পূরণে কিছু বাঁধা আছে। গত কয়েক সপ্তাহ ধরে পুরো দেশে যে অবস্থা চলছে, যে ধরনের আঘাত এসেছে দেশের ওপর। আমার কাছে মনে হচ্ছে এটা ভেবে হুমায়ূন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। কারণ আমরা সব সময় দেখেছি দেশের ওপর যখনি কোনো বড় ধরনের আঘাত এসেছে তখনি হুমায়ূনের কলম তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

Humaion

তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি, তার স্বপ্নের মধ্যে ছিল সামগ্রিক বাংলাদেশ। তার স্বপ্ন পূরণে আমি এবং আমার পরিবারের সবাই চেষ্টা করে যাব।  

এর আগে সকালে হুমায়ূন আহমেদের ছোটভাই ড. অধ্যাপক মো. জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের সন্তানরা নুহাশ পল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন।

Humaion

এ সময় অধ্যাপক মো.জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের শূন্যতা কখনোই পূরণ সম্ভব নয়। হুমায়ূন আহমেদ নিজে যা করতেন তা অন্য কাউকে দিয়ে সম্ভব নয়। তার জনপ্রিয়তা কমেনি। পরে সকাল সাড়ে ১১টায় তারা নুহাশ পল্লী ত্যাগ করেন।

২০১২ সালের ১৯ জুলাই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। পরে  তাকে গাজীপুরের নুহাশ পল্লীর লিচু বাগানে দাফন করা হয়।

মোঃ আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।