মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৭:১২ এএম, ২২ জুলাই ২০১৬

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহায়তা আনতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন রামুর মাদরাসা শিক্ষক খোরশেদ আলম। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত রোববার (১৭ জুলাই) রাতে মালয়েশিয়ার কুলান নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাওলানা খোরশেদ আলম। সেখান একটি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা খোরশেদ আলম রামুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম রশিদ আহমদের ছেলে।

তার ছোট ভাই মোহাম্মদ রাশেদুল আলম মাওলানা খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

রামু জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ শামসুল হক জানান, নিবেদিতপ্রাণ এ শিক্ষকের মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে মাদরাসার সহেযোগিতার জন্য খোরশেদ আলম বিগত রমজান মাসে পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়া ভ্রমণে যান।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।