জঙ্গিবাদে ভোগান্তি ছাড়া শান্তি আসে না : আইজিপি
জঙ্গিবাদ কখনো শান্তি বয়ে আনতে পারে না উল্লেখ করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ অস্থিশীলতা ও ভোগান্তির পাহাড় নিয়ে আসতে পারে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সকলকে সজাগ থাকতে হবে।
রোববার কক্সবাজারে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
এ সময় আইজিপি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে বলেন, জঙ্গিবাদে সম্পৃক্তদের জানাজা পড়ার লোকও মেলে না। শোলাকিয়ার ঘটনায় নিহত জঙ্গির জানাজা-ই তার উজ্জ্বল দৃষ্টান্ত। ওই জানাজায় ইমাম ছাড়া কোনো মানুষ অংশগ্রহণ করেনি। এসব প্রচার পেলে দেশের মানুষের মাঝে জঙ্গিবাদ বিষয়ে ঘৃণা আরো প্রখর হবে।
কক্সবাজার শহরের তারকা হোটেল কক্স টু-ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।
পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, কক্সবাজার-১৭ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি