কালিয়াকৈরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৫ জুলাই ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।  

সোমবার বিকেলে বড়ইবাড়ি এলাকায় নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রহিমা বেগম (৭৫)। তিনি কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার মৃত তোরাফ আলী ওরফে তোতা মৃধার স্ত্রী।

আহতরা হচ্ছেন, নিহতের ছেলে মকুল মৃধা (৩২), মেয়ে হাওয়া বেগম (৩৮) ও নাতি হাসিবুল ইসলাম (৬)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’দিন আগে রহিমা বেগমের মেয়ে হাওয়া বেগম স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি চলে আসেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রহিমা বেগম তার ছোট ছেলে মকুল মৃধাকে সঙ্গে নিয়ে মেয়ে হাওয়া বেগম ও নাতিকে দিয়ে আসতে মেয়ের স্বামীর বাড়ি যাচ্ছিলেন। নৌকা দিয়ে বড়ইবাড়ি পশ্চিম বাইদ বিল পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন শিশুসহ তিনজনকে উদ্ধার করলেও রহিমা বেগম পানিতে ডুবে নিখোঁজ হন। পরে রহিমা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চাপাইর ইউনিয়নের সদস্য আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুসহ আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।