ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৬ জুলাই ২০১৬

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ভিমরুলের কামড়ে মোস্তাক আহমদ (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় ভিমরুলের কামড়ে আরো ১০ নারী-পুরুষ আহত হয়। শনিবার বিকেলে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা সওদাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভিমরুলের কামড়ে আহত মোস্তাক আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানে সোমবার রাতে তিনি মারা যান। মোস্তাক হালকাকারা সওদাগর পাড়ার মৃত নজিব উল­াহর ছেলে।
 
স্থানীয় পৌর আওয়ামী লীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী জানান, চকরিয়া পৌর এলাকার ২নং ওয়ার্ডের হালকাকারা সওদাগর পাড়ায় গত কয়েক মাস যাবত সড়কের পাশে একটি আম গাছের উপরে ভিমরুল বাসা করে। এটি জানার পর থেকে আক্রমণের ভয়ে পথচারীরা ওই সড়ক দিয়ে আতঙ্ক নিয়ে যাতয়াত করতো।

গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় কয়েকজন কিশোর ভিমরুলের বাসায় ঢিল ছুঁড়ে পালিয়ে যায়। এসময় সড়ক দিয়ে মসজিদ থেকে ফিরছিলেন প্রবীণ মুরব্বী মোস্তাক আহমদ। গাছের নিচে পৌঁছামাত্র অর্ধশতাধিক ভিমরুল তাকে ঘিরে কামড়াতে থাকে।

তিনি আরো বলেন, মোস্তাক আহমদ ভিমরুলের কামড়ের যন্ত্রণা সইতে না পেরে দৌঁড়াতে গিয়ে মাটিতে পড়ে যান। এসময় তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে মারা যান তিনি। এসময় যাতয়াতকারী মহিলা ও শিশুসহ আরো ১০ পথচারী ভিমরুলের আক্রমণের শিকার হয়ে আহত হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।