পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুইজন রিমান্ডে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবায়দা টেক্সটাইল মিলের শিশু শ্রমিক সাগর বর্মণ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুইজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদের মধ্যে একজন হলো কারখানার সিনিয়র উৎপাদক কর্মকর্তা আরেকজন কারখানার লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাদের হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা আজাহার ইমাম ওরফে সোহেল (৩৮) ও লাইনম্যান সোহাগ হোসেন হৃদয় (৩৫)।
প্রসঙ্গত, রূপগঞ্জে যাত্রামুড়া এলাকায় জোবায়দা টেক্সটাইল মিলে সাগর বর্মণ (১০) ও তার বাবা রতন বর্মণ চাকরি করতেন। সাগর বর্মণ ওই মিলের সুতা সেকশনে কাজ করতো। কাজে অনিয়মের অভিযোগে কারখানা কর্তৃপক্ষ শিশুটিকে নির্যাতন করছে। পরে সাগরের বাবা কারখানার এক নারী শ্রমিকের মাধ্যমে জানতে পারেন তার ছেলের শরীরে বাতাস ঢুকানো হচ্ছে।
পরে তিনি সহকর্মী সবুজকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাগরের পেট প্রচণ্ড ফুলা অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহাদাত হোসেন/এআরএ/এবিএস