পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার ২


প্রকাশিত: ১১:২২ এএম, ২৬ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জোবায়দা টেক্সটাইল মিলের শিশু শ্রমিক সাগর বর্মণ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি।
 
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, সোমবার রাত ১১টায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ভেতর থেকেই সিনিয়র উৎপাদক কর্মকর্তা আজাহার ইমাম ওরফে সোহেলকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি।
 
রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জসিমউদ্দিন জানান, কারখানার লাইনম্যান হৃদয় মিয়াকে (৩৫) মঙ্গলবার সকালে যাত্রামুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছেন।
 
প্রসঙ্গত, রূপগঞ্জে যাত্রামুড়া এলাকায় জোবায়দা টেক্সটাইল মিলে সাগর বর্মণ (১০) ও তার বাবা রতন বর্মণ চাকরি করতেন। সাগর বর্মণ ওই মিলের সুতা সেকশনে কাজ করতো। কাজে অনিয়মের অভিযোগে কারখানা কর্তৃপক্ষ শিশুটিকে নির্যাতন করছে। পরে সাগরের বাবা কারখানার এক নারী শ্রমিকের মাধ্যমে জানতে পারেন তার ছেলের শরীরে বাতাস ঢুকানো হচ্ছে।

পরে তিনি সহকর্মী সবুজকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাগরের পেট প্রচণ্ড ফুলা অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা, উৎপাদন ম্যানেজার হারুন অর রশিদ, সিনিয়র উৎপাদক কর্মকর্তা আজাহার ইমাম ওরফে সোহেল ও সহকারী উৎপাদন কর্মকর্তা রাশিদুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ছয়জনকে আসামি করা হয়। এদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এমএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।