ট্রলারের ধাক্কায় নৌকাডুবি : শিশু নিখোঁজ


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে খেয়া নৌকা ডুবে বাধন (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।।

নিখোঁজ বাধন যশোর শহরের ইতালী প্রবাসী লিটন সিকদারের ছেলে।

কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিস দাস জানান, মা মিনা বেগমের সঙ্গে ছোট বোন অন্তরাকে (৪) নিয়ে যশোর থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈল গ্রামে নানা বাড়িতে যাচ্ছিল বাধন। সকালে ১৪- ১৫ জন যাত্রীসহ তারা খেয়ায় করে মধুমতি নদী পার হচ্ছিল।

তাদের বহনকারী খেয়া নৌকাটি নড়াইলের শংকরপাশা ঘাট থেকে ছেড়ে গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে ভিড়ার সময় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা নদীর পাড়ে ওঠে আসতে পারলেও বাধন নিখোঁজ হয়।

খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হুমায়ূন কবীর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।