গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শহরের কুয়াডাঙ্গা এলাকার আলী মিয়ার ছেলে হায়দার আলী (২৮), আব্বাস কাজীর ছেলে জসীম কাজী (২৫) ও কাররগাতী এলাকার সুবল ঢালীর সঞ্জয় ঢালী (১৮)।
গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসলিম রেজা জানান, মহাসড়কের মান্দারতলা এলাকায় একটি নষ্ট পিকআপ ভ্যান মেরামত করছিলেন তারা। এসময় খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পিকআপ চালক হায়দার আলী নিহত হন।
আহত জসীম কাজী, সঞ্জয় ঢালী ও শামীম শেখকে গুরুতর অবস্থায় প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে জসীম কাজীর মৃত্যু হয়। অপর আহত সঞ্জয় ঢালীর অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/এবিএস