যশোরে মিললো ডায়মন্ড ক্যাটাগরির সাঁতারুর সন্ধান


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৪ আগস্ট ২০১৬

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় যশোরে ২৯ সাঁতারুকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ফাতেমা আক্তার কেয়া নামে একজন ডায়মন্ড ক্যাটাগরির সাঁতারুর সন্ধান মিলেছে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার যশোর কালেক্টরেট পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাছাই পর্বে ইয়েস কার্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে রয়েছে ১৬ জন ছেলে ও ১৩ জন মেয়ে। এদের নিয়ে ঢাকায় প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

প্রতিযোগিতায় যশোরের ১৬৮ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪৪ জন ছেলে ও ২৪ জন মেয়ে। তাদের মধ্যে ২৯ জনকে ইয়েস কার্ড দেয়া হয়।

সাঁতারের কোচ আবদুল মান্নান জানান, সারাদেশে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় ডায়মন্ড ক্যাটাগরির সাঁতারুর খোঁজ করছেন কোরিয়ান কোচ পার্ক তে গুন। যশোরে এসে ফাতেমা আক্তার কেয়া নামের একজনের সন্ধান মিলেছে। সে যশোর শহরের ডাল মিল এলাকার বাসিন্দা। ব্যতিক্রমী সাঁতারু ফাতেমা আক্তার কেয়াকে পেয়ে কোরিয়ান কোচ খুশি।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর।

এতে বক্তব্য রাখেন সাঁতারু বাছাই কমিটির প্রধান সমন্বয়ক কমান্ডার এস এম মাহমুদুর রহমান, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।