বেনাপোল দিয়ে ফেরত পাঠানো হলো ৪৪ নেপালিকে
মিরপুর ডিওএইচএস থেকে আটক ৪৪ নেপালিকে বেনাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সহায়তায় শনিবার পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নেপালি দূতাবাসের মাধ্যমে তাদের নেপালে পাঠানো হয়।
এর আগে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের অভিযোগে বৃহস্পতিবার রাতে মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল আন্তজার্তিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে ভালো চাকরির কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছিল। পরে মিরপুর ডিওএইচএসের বিভিন্ন বাসায় তাদের রাখা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ৪৪ জন নাগরিককে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর কোনো অভিযোগ পাওয়া যায়নি। এজন্য আইনি ব্যবস্থা না নিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ওসি ইকবাল হোসেন আরো জানান, বাংলাদেশের ইমিগ্রেশন আইন অনুযায়ী কোনো পাসপোর্টধারী যাত্রীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তিনি যদি দেশে অবস্থান করেন, তাহলে ওই পাসপোর্টধারী যাত্রীকে প্রতিদিনের অবৈধ অবস্থানের জন্য ২০০ টাকা জরিমানা গুণতে হয়। সে অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যে কয়দিন অবস্থান করেছে, সে অনুপাতে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে বিকেলে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।
মো. জামাল হোসেন/এএম/এবিএস