যশোরে ইয়াবাসহ কক্সবাজারের যুবক আটক


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০১৬

যশোরে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ কক্সবাজারের কামাল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক কামাল কক্সবাজারের টেকনাফ এলাকার ডেইলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি খায়রুল আলম এ অভিযানের নেতৃত্ব দেন। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গোপন খবরে র‌্যাব জানতে পারে কক্সবাজারের একজন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পরিবহনে ইয়াবা বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৬৩৯) একটি গাড়ি যশোর সদর উপজেলার বাহাদুরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে থামিয়ে তল্লাশি করে র‌্যাব। এ সময় কামালের কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করলে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক দাম ৯ লক্ষ ৮৮ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তল্লাশিকালে একটি খয়েরি রংয়ের মানিব্যাগ, একটি কালো রংয়ের বি১৩ স্যামফনি মোবাইল ফোনসেট, ৮ হাজার ৪২০ টাকা জব্ধ করা হয়।

এ ঘটনায় আটক কামালের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত/২০০৪) এর ১৯ (১) টেবিল ৯ (খ) ধারায় যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মিলন রহমান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।