বেনাপোলে কলেজছাত্র নিখোঁজ : পরিবারের উদ্বেগ


প্রকাশিত: ০৩:০৬ এএম, ১০ আগস্ট ২০১৬

যশোরের বেনাপোলে রেজোয়ার (২২) নামে এক কলেজছাত্রকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে পরিবারের অভিযোগ। কিন্তু পুলিশ বলছে এ নামের কাউকে তারা আটক করেনি। রেজোয়ানের বাবা-মা ছেলের শোকে এখন পাগলপ্রায়।

রেজোয়ান বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং শার্শার বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

অভিযোগে জানা গেছে,  রেজোয়ানকে গত ৪ আগস্ট বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম কোনো অভিযোগ ছাড়াই বেনাপোলের দূর্গাপুর রোডের রেজাউলের চায়ের দোকান থেকে দুপুর ১২.২০ মিনিটে ধরে থানায় নিয়ে যান। তাকে ধরার পর দূর্গাপুর রোডে রাজ্জাকের স্বর্ণের দোকানের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন দারোগা নূর আলম যা অনেকেই দেখেছেন  বলে জানা গেছে।

খবর পেয়ে পরিবারের লোকজন থানায় খোঁজ নিতে গেলে পুলিশ আটকের কথা অস্বীকার করে। পুলিশ তাকে কোথায় রেখেছে পরিবারের স্বজনেরা ৫ দিনেও জানতে পারেনি।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রেজোয়ানের নামে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। সে হাসিখুশি ও নিরীহ প্রকৃতির ছেলে। লেখাপড়া ছাড়া সে কোনো কাজের সঙ্গে জড়িত না।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, রেজোয়ান নামে কাউকে আমি ধরিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনা সঠিক না। বেনাপোল পুলিশ তাকে ধরেনি।

জামাল হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।