আটকের পর পাঁচ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র রেজোয়ান


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১০ আগস্ট ২০১৬

যশোরের বেনাপোলে পুলিশের বিরুদ্ধে রেজোয়ান (২২) নামে এক কলেজছাত্রকে বিনা কারেণে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও রেজোয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে তারা এ নামের কাউকে আটক করেনি।

অভিযোগে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মিজানুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে রেজোয়ানকে গত ৪ আগস্ট বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম কোনো অভিযোগ ছাড়াই বেনাপোলের দূর্গাপুর রোডের রেজাউলের চায়ের দোকান থেকে ধরে থানায় নিয়ে যান।

তাকে ধরার পর দূর্গাপুর রোডে রাজ্জাকের স্বর্ণের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন এসআই নূর আলম, যা অনেকেই প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।
 
খবর পেয়ে পরিবারের লোকজন থানায় খোঁজ নিতে গেলে পুলিশ রেজোয়ানের আটকের কথা অস্বীকার করে। রেজোয়ান শার্শার বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রেজোয়ানের নামে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। সে নিরীহ প্রকৃতির ছেলে।

তবে এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, রেজোয়ান নামে আমি কাউকে আটক করিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনা সঠিক না। বেনাপোল পুলিশ তাকে আটক করেনি।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।