বেনাপোল চেকপোস্টে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১১ আগস্ট ২০১৬

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রের স্ক্যানার মেশিনের পাশে মালিকবিহীন একটি স্কুল ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় এই বৈদেশিক মুদ্রাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো পাসপোর্ট যাত্রীকে আটক করা যায়নি। আটকের বিষয়টি বুঝতে পেরে ব্যাগ রেখে পাচারকারী আগেই পালিয়ে গেছে বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস সূত্রে জানা যায়, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে যে ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান এ পথ দিয়ে পার হয়ে দেশের অভ্যন্তরে আসবে। এমন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা আগে থেকে সতর্ক ছিলেন। পরে দুপুর দড়টার সময় কয়েকজন যাত্রীর ব্যাগ স্ক্যানার মেশিনে তল্লাশি চলছিল। তখন ওই স্কুলব্যাগটি স্ক্যানার মেশিনের পাশে দেখতে পান কর্মকর্তারা।

অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগের মালিক পাওয়া না গেলে ব্যাগটি খোলা হয় এবং তার মধ্য থেকে ৫টি বান্ডিলে ৫০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি ৪০ লাখ টাকার সমপরিমাণ।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান বৈদেশিক মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।