তৃপ্তির বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় শার্শা বিএনপির ধন্যবাদ
বিএনপির কেন্দ্রীয় সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন শার্শা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ওয়ান ইলেভেনের কুশীলব মফিকুল হাসান তৃপ্তিকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সুবিধাবাদী ওই নেতার বহিষ্কারাদেশ আজও প্রত্যাহার করা হয়নি। এতে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ খুশি।
লিখিত বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির বলেন, শার্শা উপজেলা বিএনপির নেতাকর্মীরা মনে করে স্বার্থপর ও সুবিধাবাদী মফিকুল হাসান তৃপ্তির এখন আর কোনো প্রয়োজন নেই। তিনি বিএনপির দুঃসময়ে ১/১১ সংস্কারপন্থি সেজে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশ অমান্য করে বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হন।
দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘৃণার চোখে দেখেন তৃপ্তিকে। তার বহিষ্কার আদেশ প্রত্যাহার না করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, কায়বা ইউনিয়ন বিএনপি নেতা আবদুল কুদ্দুস, গোগা ইউনিয়ন বিএনপি নেতা মফিজুর রহমান প্রমুখ।
মিলন রহমান/এসএস/এমএস