শার্শা ও বেনাপোলে জাতীয় শোক দিবস পালিত
যশোরের বেনাপোল ও শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
শার্শায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও অপূর্ব হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরজ্জামান, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব প্রমুখ।
এসময় চিত্রাংকন, হাম, নাথ ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদফতরের ৩৮ জন প্রশিক্ষিত যুবককে ১০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করেন।
এদিকে বেনাপোল পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বিরাট শোকর্যালি ও বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
মো. জামাল হোসেন/বিএ