চৌগাছায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০১৬

যশোরের চৌগাছায় অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জগদীশপুর তুলবর্ধন খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে স্থানীয়দের ধারণা সরফরাজপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ মারুফের মরদেহ এটি। কিন্তু পরিবারের কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জগদীশপুর তুলবর্ধন খামার এলাকা থেকে একটি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার সরফরাজপুর গ্রামের মহিদুল ইসলাম তোতার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে মারুফ হোসেন (১২) নিখোঁজ রয়েছে এক সপ্তাহ ধরে। তবে উদ্ধার হওয়া মরদেহটি মারুফের কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। তার পরিবারের স্বজনরাও শনাক্ত করতে পারেনি।

অপরদিকে পরিবারের সদস্যরা জানায়, মারুফ গত ১০ আগস্ট সকালে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোথাও তার সন্ধান না পেয়ে গত ১৪ আগস্ট চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন মারুফের মা আবেরুন্নেছা বেগম।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।