বেনাপোলে সাংবাদিকদের মতবিনিময়


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৮ আগস্ট ২০১৬

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফুর রহমান বেনাপোলের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার বেনাপোলের পুটখালী কোম্পানি বিজিবি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় লে. কর্নেল আরিফুর রহমান সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সীমান্তের সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়াদি জানান।

তিনি বলেন, বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরার মাধ্যমে সীমান্তে চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ করতে অনেকটা সফল হয়েছেন। সীমান্তে কঠোর নজরদারি করায় চোরাচালানিরা অনেকটা হোঁচট খেয়েছে। যে কারণে বর্তমানে চোরাচালান ৯০ ভাগ নেই বললেই চলে। এছাড়া অবাধে অবৈধপথে নারী-শিশু পাচার অনেকটা বন্ধ হয়ে গেছে। সে সময় অবৈধপথে ভারত-বাংলাদেশ যাতায়াতকারীদের সংখ্যাও কমে গেছে।
 
তিনি আরো বলেন, গত জানুয়ারি থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত এ এলাকার ২১ বিজিবি সদস্য ৫ হাজার ৯১৪ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৩৮ বোতল মদ ও বিয়ার, অবৈধপথে ভারত-বাংলাদেশ ৫১২ যাতায়াতকারী (এর মধ্যে ১৪ জন ভারতীয় নাগরিক) ও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে ২ হাজার ৫২৪টি ভারতীয় গরু আটক করে। যার রাজস্ব আয় ১ কোটি ৫ লাখ ২২ হাজার ৬০০ টাকা।

তিনি সাংবাদিকদের জানান, সীমান্তের করিডোরে ভারত থেকে গরু নিয়ে আসার জন্য কোনো বাংলাদেশি গরুর রাখাল অবৈধপথে ভারতে গেলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। তবে ভারতীয় গরুর রাখালরা এদেশে গরু দিয়ে গেলে তা হবে মার্জনীয়। আমরা চাইনা কোনো বাংলাদেশি ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলি খেয়ে মারা যাক।

সে কারণে বাংলাদেশি গরুর রাখালদের ওপর কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সীমান্তের সকল চোরাচালান প্রতিরোধ ও সকল অবৈধ যাতায়াতকারীসহ মাদক বহনকারীদের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

জামাল হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।