কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০১:২১ পিএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাবুদ্দিন আহমেদকে (৫২) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। শনিবার দুপুরে উপজেলার বাশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, দুপুরের দিকে ইউনিয়নের খলাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত আহ্বায়ক রুবেল (৩৫), নির্মল দাসের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুব্রত দাস (৩৬), মৃত আব্দুল ওহাবের গ্রামের ছেলে এবং যুবলীগের নেতা জাকারিয়া (৩৫), ও ইমরানসহ অজ্ঞাত ১০/১২ জনের এক দল পরিষদের সামনে ঘোরাঘুরি করছিল।

চেয়ারম্যান পরিষদ থেকে বেরিয়ে এসে তাদের কাছে ঘোরাফেরার বিষয়টি জানতে চাইলে তারা তাকে মারপিট করার জন্য তেড়ে আসে। এসময় বিষয়টি তিনি পুলিশ জানান। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি কারে। এ সুযোগে তাকে সন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারের বাশাইর বাজারের ব্যবসায়ী ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুব্রত ও রুবেল কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ব্যবসায়ী ও স্থানীয়রা ভয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান দেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাহাবুদ্দিন ফোন করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে রাস্তা খারাপ হওয়ায় যেতে একটু বিলম্ব হতে পারে।             

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।