চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্যাতন, যুবক গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশালে চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে ও ময়লা পানি খাইয়ে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন ভোররাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল্লাহ আল মাসুম জেলার ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
নির্যাতনের শিকার শিশুরা হলো- আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ধলা মধ্যপাড়া গ্রামের মো. মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ সকালে ধলা মধ্যপাড়া গ্রামে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. মাহাবুল আলমের দুই শিশু সন্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আব্দুল্লাহ আল মাসুম ও স্থানীয় মিজানুর রহমান সুজন। এরপর আব্দুল্লাহ আল মাসুমও মিজানুর রহমান সুজনসহ আরও কয়েকজন মিলে শিশুদের পুকুরপাড়ে নিয়ে পৈশাচিক নির্যাতন চালায়। দুই শিশুকে লাঠি দিয়ে মারধরের পর পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে রাস্তার পাশের ড্রেনের ময়লাযুক্ত পানি জোরপূর্বক শিশুদের মুখে ঢেলে দেন তারা।
নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুদের বাবা মাহাবুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার গাজীপুর থেকে মাসুমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস