রাজশাহীতে র্যাব-বিজিবির গাড়িতে বোমা হামলা
রাজশাহীতে র্যাব ও বিজিবির গাড়িবহরে বোমা হামলা চালিয়েছে ছাত্রশিবির ক্যাডাররা। বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় মহানগরীর দড়িখরবোনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দড়িখরবোনা এলাকায় র্যাব ও বিজিবির টহল গাড়ি অতিক্রমের সময় শিবির ক্যাডাররা ১৫ থেকে ২০টি হাতবোমা ছুড়ে মারে। এ সময় একটি পেট্রোল বোমাও নিক্ষেপ করা হয়। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি।
হাতবোমার বিস্ফোরণে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদুর রহমান জানান, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় র্যাব বা বিজিবির কোনো সদস্য আহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
বিএ