বঙ্গবন্ধুর সমাধিতে ইবির নতুন উপাচার্যের শ্রদ্ধা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে শিক্ষকবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার বিকেলে সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা এ শ্রদ্ধা জানান।
পরে ফাতেহা পাঠ ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। এর আগে, উপাচার্য অধ্যাপক ড. রশীদ আসকারীর নেতৃত্বে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শিক্ষকরা বেদিমূলে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার দীপ্ত শপথ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার আব্দুল লতিফ, বশেমুরবিপ্রবি-র আইন বিভাগের শিক্ষক মো. রাজিউর রহমান প্রিন্স, ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারষ সম্পাদক অমিত কুমারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম হুমায়ূন কবীর/বিএ