গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৫ আগস্ট ২০১৬

গাজীপুরে শাহীন (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুরের গোবিন্দপুরে মাদার টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

শাহীন গোবিন্দপুর এলাকার গেদুরাজের ছেলে। তিনি ওই এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, বুধবার রাতে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মাদার টেক্সটাইল এলাকায় ফেলে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য সকালে তার মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।   
                    
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।