চকরিয়ায় দিনমজুরের আত্মহত্যা


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৮ আগস্ট ২০১৬

কক্সবাজারে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন দিনমজুর মো. বাবুল (৩৬)। রোববার বেলা ২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলীর সুন্দরী পাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

তিনি ইউনিয়নের মোক্তার আহমদ ওরফে বাইট্টা মোক্তারের ছেলে।
 
বিকেল ৫টা পর্যন্ত নিহতের মরদেহ ঘরের চালার সঙ্গে টাঙানো অবস্থায় ছিল। স্থানীয় ওয়ার্ড মেম্বার বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

জানা গেছে, দিনমজুর মো. বাবুল দুপুরে পরিবারের লোকজনের অজান্তে ঘরের চালার সঙ্গে রশি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এসময় তার তিন সন্তানরা ঘরের বাইরে ছিলেন। বড় ছেলে চট্টগ্রামে মোটর গাড়িতে কাজ করেন। বড় মেয়ে স্কুল ছুটি হওয়ার পর ঘরে ফিরে তার বাবাকে গলায় রশি দিয়ে টাঙানো অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে ওয়ার্ড মেম্বারকে খবর দেন।

৪নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি বাবুলের বাড়িতে গিয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা আত্মহত্যা না পরিকল্পিতভাবে তাকে মেরে রশি দিয়ে টাঙানো হয়েছে তা রহস্যজনক।

অন্য একটি সূত্রে জানা গেছে, তার স্ত্রী হাসিনা আকতার মালয়েশিয়া চলে যাওয়ার কারণে অভিমান চলছিল। এরই সূত্র ধরে হয়ত তিনি এমনটি করতে পারেন।

তবে বাবুলের মরদেহ রশিতে টাঙানো থাকলেও হাঁটু থেকে পায়ের গুড়ালি পর্যন্ত মাঠিতে প্রায় লাগোয়া ছিল বলে প্রত্যক্ষদর্শী অনেকে উল্লেখ করেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।