না.গঞ্জে ৭ খুন : তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শেষ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলের জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। শুনানি শেষে আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ২৩ আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. ওয়াজেদ আলী খোকন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য জবানবন্দি অনেক দীর্ঘ ছিল। এর আগে গত ২২ ও ২৯ আগস্ট পৃথকভাবে দুদিনের পর বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর তৃতীয় দিনের মত রেকর্ড করা হয়েছে।
সাত খুন ঘটনার পর আদালতে দায়ের করা চার্জশিটের আলোকে তদন্তভার পেয়ে কীভাবে তদন্ত করেছে, কাকে কখন, কোথা থেকে গ্রেফতার, আটক, জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া থেকে শুরু করে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ তদন্তের আদ্যোপান্ত মূলত আদালতে জবানবন্দিতে জানান তদন্তকারী কর্মকর্তা।
জানা গেছে, সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী ১২৭ জন করে। এখন পর্যন্ত সাত খুনের দুটি মামলায় অভিন্ন ১২৭ সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
শাহাদত হোসেন/এআরএ/পিআর